সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১২ জন বাসযাত্রী। শনিবার দুপুরে উপজেলা সদরের একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম কাজী সাইদুর রহমান (৫৬) । তিনি উপজেলার মৌতলা গ্রাামের কাজী এমদাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জে উপজেলা সদরের একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেল চালক সাইদুর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরাগামী একটি যাত্রী বাহীবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মটরসাইকেল চালক সাইদুর। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদরহাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তার মৃত ঘোষণা করেন।
এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ধারে একটি গাছের গায়ে ধাক্কা লাগে। এতে বাসে থাকা আরো কমপক্ষে ১২ যাত্রী আহত হন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।





