সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২১

সাতক্ষীরার কলারোয়া ২০০০ সালে সাবেক বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মালার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুর রহমান রঞ্জুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার।

জানা গেছে, আরিফুর কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের নেতা ছিল। সে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক বীর মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। সড়কপথে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

 এ ঘটনায় সে সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়। ঘটনার ১৯ বছর পর গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার একটি আদালত ৫০ জনকে নানা মেয়াদে সাজা দেয়।

সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি দুজন হলেন- মো. আরিফুর রহমান ওরফে রঞ্জু ও রিপন। রঞ্জু গ্রেফতার হওয়ায় বর্তমানে একজন পলাতক রয়েছেন।

পলাতক আসামি যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে দেওয়া হয়েছে ৯ বছরের কারাদণ্ড। বাকি ৪৬ জন আসামিকে চার বছরের কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সেদিন ৩৪ আসামির উপস্থিতিতে রায় দেওয়া হয়। তাদের সেদিনই কারাগারে পাঠানো হয়। বাকি ১৬ জনের মধ্যে আছেন- আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, মাজাহারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুর রব, সঞ্জু মিয়া, নাজমুল হোসেন, জাবিদ রায়হান লাকী, কনক, মাহাফুজুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads