করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্যে দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এর আগে, ১৩ আগস্ট ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন।
৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ মামলার চার্জশিট দেখেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন। আদালত ১৩ আগস্ট সাবরিনা-আরিফসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।
মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
প্রসঙ্গত, গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচ জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার তদন্তে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার নাম এলে গত ১২ জুলাই তাকেও গ্রেপ্তার করে পুলিশ । মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে তা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেকেজির জালিয়াতি সামনে আসার পর স্বাস্থ্য অধিদফতর জেকেজির সঙ্গে করা তাদের চুক্তি বাতিল করে। অপরদিকে ডা. সাবরিনাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাময়িক বহিষ্কার করা হয়।





