দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান বলেছেন, সারাদেশে বাঁশের সাঁকোর পরিবর্তে পাকা ব্রিজ নির্মাণ করা হবে। তিনি বলেন, যেখানেই বাঁশের সাঁকো আছে সেখানেই সরকার বাঁশের সাঁকোর পরিবর্তে পাকা ব্রিজ নির্মাণ করে দিবে। এদেশে ভবিষ্যতে কোন বাঁশরে সাকো রাখা হবেনা। এছাড়াও কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে এইচবিবি করে দেওয়া হবে, যাতে মানুষের বর্ষায় চলাচলে অসুবিধা না হয়।
প্রতিমন্ত্রী গতকাল সোমবার বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উজানচর কে. এস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাঞ্ছরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব:), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহাদৎ হোসেন, অতিরিক্ত সচিক মো: মহসীন এবং প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্রটি আগামী ২০২১ সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শেষ হবে। এটির নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্যাসহ যে কোন দুর্যোগে মানুষ এখানে আশ্রয় নিতে পারবে। প্রতিমন্ত্রী এলাকাবাসীর চাহিদা ও দাবি অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলায় ১০৪ টি দুর্যোগ সহনীয় ঘর, ২৫ টি ব্রিজ, আরও ৭ টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৭ টি সাইক্লোন শেল্টার নির্মাণ এবং সবগুলো কাঁচা রাস্তা এইচবিবির আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।





