জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দাম কমানোর দাবিতে আজ রোববার সারা দেশে আধাবেলা হরতাল পালন করছে বামপন্থি দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। হরতাল চলবে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত। হরতাল সফল করার আহ্বান জানানো হয়েছে জোটের পক্ষ থেকে। আইনশৃঙ্খলা রক্ষার নামে ওইদিন রাস্তায় কোনো প্রকার বাধার সৃষ্টি না করতে সরকার এবং পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন হরতাল আহ্বানকারীরা।
এদিকে হরতালে সমর্থন দিয়েছে বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় ঐক্যসহ বিভিন্ন সংগঠন। সশরীরে রাজপথে থাকার ঘোষণাও দিয়েছেন নাগরিক ঐক্যসহ কিছু কিছু দলের শীর্ষ নেতা।
গত ৩০ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, গ্যাসের দাম ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে। ১ জুলাই থেকে এই দাম কার্যকর হবে বলে জানায় সংস্থাটি। এই দাম অনুযায়ী এক চুলার জন্য গ্রাহকদের ৭৫০ টাকার বদলে ৯২৫ টাকা এবং দুই চুলার গ্রাহকদের ৮০০ টাকার বদলে ৯৭৫ টাকা করে গুনতে হবে। আবাসিকে প্রিপেইড মিটারে প্রতি ঘনমিটার ১২ দশমিক ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
হরতালের সমর্থনে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, গণশুনানিতে আমাদের বক্তব্য অগ্রাহ্য করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অযৌক্তিভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। গ্যাসের দাম বৃদ্ধি করায় জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বৃদ্ধি করায় পরিবহন ব্যয় বাড়বে। শিল্প কারখানায় ব্যবহূত গ্যাসের দামবৃদ্ধি করায় শিল্প পণ্যের দামবৃদ্ধি পাবে। বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করাগ্যাসের দামবৃদ্ধি করায় বিদ্যুতের দামবৃদ্ধি পাবে। বিদ্যুতের দামবৃদ্ধি পেলে শিল্প পণ্যসহ, কৃষি সেচে ব্যয়বৃদ্ধি পাবে। এইভাবে ব্যয়বৃদ্ধির ফাঁদে জনগণ নিপতিত হবে।
তারা আরো বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমায় ভারতে সিলিন্ডার গ্যাসের দাম কমানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার এলএনজি, এলপিজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য সিলিন্ডার গ্যাসের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছে। অবিলম্বে সিলিন্ডার গ্যাসের দাম বর্তমান বাজার দামের অর্ধেকে কমিয়ে আনার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।





