সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
স্কুল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রাবণ মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কে এঘটনা ঘটে।
নিহত শ্রাবণ মিয়া সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামের ওহাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মানিকগঞ্জ শহর থেকে ছেড়ে আসা শিক্ষার্থী ভর্তি স্কুল এন্ড কলেজের বাস পথিমধ্যে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ মিয়া মারা যান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।





