চট্টগ্রামের সীতাকুণ্ডে মিনিবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. রাসেল (৪০) নামে একজন ঘটনাস্থলে নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের দক্ষিন ফেদাইনগর এলাকার মৃত নুর উদ্দীনের পুত্র এবং সে বাস চালকের সহকারি।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের পন্থিছিলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে পিছন দিক থেকে একটি ক্যাভার্ডভ্যান ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ৫জনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে বাস চালক ও সেলিনা নামক এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে কাভার্ডভ্যানের চালক ও সহকারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। বাস ও ক্যাভার্ডভ্যানটি কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।





