সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজ মঙ্গলবার একই সময়ে স্থানীয় শ্রমিক লীগ ও উপজেলা বিএনপির সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
গত সোমবার রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান এ আদেশ জারি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে উপজেলা শ্রমিক লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী নজির হোসেনের পক্ষে উপজেলা বিএনপি ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মঙ্গলবার দুপুরে নির্বাচনী জনসভার ডাক দেয়। একই স্থান ও সময়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলে সভাস্থলে ব্যাপক সংঘর্ষসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ওই স্থানে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একই স্থানে উভয় পক্ষের সভা বন্ধ রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।





