সুনামগঞ্জের যাদুকাটা নদীতে ডুবে নিখোঁজ ২ ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুই ভাইয়ের নাম- মেরাজুল ইসলাম (৯) ও খাইরুল ইসলাম (৭)। তারা দুজন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টায় পার্শ্ববর্তী বৌলাই নদীর পৃথক স্থানে ২ ভাইয়ের মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সীমান্ত নদী যাদুকাটায় পাহাড়ি ঢল নামে। সেই ঢলের পানিতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রাম প্লাবিত হয়। ওই সময় দুই সহদোর মেরাজুল ইসলাম ও খাইরুল ইসলাম তাদের বসতবাড়ি সংলগ্ন যাদুকাটা নদীর তীরে বেঁধে রাখা স্টিলবড়ি ইঞ্জিনের নৌকায় গিয়ে উঠে ঢলের পানি দেখার জন্য। তখন ওই দুই শিশু নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর কোথাও দুজনকে না পেয়ে অবশেষে ঘটনাটি থানায় জানায়। পরে ফায়ার সার্ভিসের ডুবরী দল নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু তারা কোথাও নিখোঁজ দুই ভাইয়ের লাশ খোঁজে পায়নি।
অবশেষে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল অনুমান ৯টায় পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের সামনে অবস্থিত বৌলাই নদীর পৃথকস্থানে মেরাজুল ইসলাম (৯) ও খাইরুল ইসলাম (৭) এর মৃতদেহ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন ও তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





