নির্বাচন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার সবই করা হবে: নির্বাচন কমিশনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:

নির্বাচন বানচাল করা বা অন্যকে নির্বাচন করতে না দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি। এরকম কেউ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

রোববার (২৬ নভেম্বর) সকালে সার্কিট হাউসে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি আরও বলেন, কমিশনে ৪৪টা দল নিবন্ধিত আছে। ভোটের পরিবেশ সৃষ্টিতে যা যা দরকার সেদিকে আমরা নজর দিচ্ছি। তিনি বলেন, কমিশন বরাবরই বলে আসছে, আমরা সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এবং এর জন্য পরিবেশ সৃষ্টি করতে যা যা দরকার সবই করা হবে।  

নির্বাচনে দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে কোনো ছাড় দেওয়া হবে না। যদি কারো বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো শঙ্কা প্রকাশ করেছে, এ নিয়ে কমিশনের করণীয় বিষয়ে জানতে চাইলে আনিছুর রহমান বলেন, আমাদের কাছে কেউ এখনও শঙ্কা প্রকাশ করেনি। নির্বাচনকে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নাই। যে কোনো মূল্যে গ্রহণযোগ্য করতে হবে।  

কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব কমিশনের নয় উল্লেখ করে তিনি বলেন, ভোটার আনার দায়িত্ব ভোট গ্রহণকারী কর্মকর্তা, নির্বাচন কমিশনের বা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়। যারা নির্বাচন করবেন- সেই প্রার্থী, দল, সমর্থক বা তার নেতাকর্মীদের করতে হবে। তবে ভোটারদের কোথাও ভয়ভীতি দেখানো হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।  

বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্বিবেচনা করা হবে কি-না এমন প্রশ্নে আনিছুর রহমান আরও বলেন, আমরা এখনও কারো কাছ থেকে কোনো আবেদন পাইনি। যদি কেউ নির্বাচনে আসে বা নির্বাচনের সময় নিয়ে যদি কারো কথা থাকে তবে সেক্ষেত্রে আমরা বিবেচনা করবো। সেই বিবেচনা করার মত যথেষ্ট সময় আমাদের আছে।  

এর আগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads