পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় নাব্যতা কমে গেছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের। চলতি শুষ্ক মৌসুমে অস্বাভাবিকভাবে পানি কমে হ্রদের বুক চিড়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। নৌ চলাচল ব্যাহত হওয়ায় দূর্ভোগ পোহাচ্ছে ছয় উপজেলার কয়েক লাখ মানুষ। এদিকে দীঘ ৫৮ বছরেও ড্রেজিং না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে এশিয়ার বৃহত্তম ৭২৫ বর্গকিলোমিটার দৈর্ঘের এ কৃত্রিম হ্রদ। জীবিকা হারিয়ে পরিবার পরিজন নিয়ে বেকার মানবেতর জীবনযাপন করছে হ্রদ নির্ভর কয়েক লাখ বাসিন্দা। কৃষক তার উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে না, জেলার দূর্গম উপজেলায় সাপ্তাহিক খণ্ডকালীন কয়েক হাজার হকার ব্যবসায়ী যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কাঠ-বাশ-মাছ এ ত্রিচক্রের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে স্থবির হয়ে পড়েছে পার্বত্য রাঙ্গামাটির অর্থনৈতিক ব্যবস্থা।
১৯৬০ সালে কর্ণফুলী নদীর প্রবাহে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাঁধ দেওয়ার ফলে সৃষ্টি হয় ৭০০ বর্গকিলোমিটার আয়তনের এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদ। উদ্দেশ্য ছিলো জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, আন্ত নৌ যোগাযোগসহ মোট ৭টি সম্ভাবনাকে কাজে লাগানো। কিন্তু পলি জমে তলদেশ ভরাট হয়ে হ্রদের নাব্যতা কমে যাওয়ায় কমে গেছে পানির ধারণ ক্ষমতা। প্রতি বছর শুস্ক মৌসুমে হ্রদের পানি অস্বাভাবিকভাবে কমে যায়। হ্রদের বুকে জেগে উঠে অসংখ্য ডুবোচর। ফলে জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, নানিয়াচর, বিলাইছড়ি উপজেলায় নৌ যোগাযোগের ব্যাঘাত সৃষ্টি হয়। মানুষ তার নিতান্ত প্রয়োজনে নিরাপত্তাহীনতায় ছোট্ট নৌ-যান ইঞ্জিন নৌকা ও স্পীড বোটে যাতায়ত করছে অত্যন্ত ব্যয় সাপেক্ষে। তাও আবার এসব নৌ-যান ডুবে চরে আটকা পড়লে ভোগান্তির সীমা নেই যাত্রীদের।
রাঙ্গামাটির লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সেলিম বলেন, হ্রদের নাব্যতা কমে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে উপজেলার ব্যবসা-বাণিজ্য, মানুষের নিত্যপণ্যের চাহিদার যোগান স্বাভাবিক রাখা যাচ্ছে না এসব উপজেলায়। বিশেষ করে এ হ্রদ নির্ভর শ্রমজীবি মানুষ হয়ে পড়ছে কর্মহীন বেকার। চরম দুর্ভোগ পোহাতে হয় এসব অঞ্চলের কয়েক লাখ মানুষকে, হ্রদের এ দুরাবস্থা কাটাতে হ্রদ ড্রেজিং এর দাবি দীর্ঘ দিনের। কিন্তু হ্রদ সৃষ্টির পর থেকে এখনো ড্রেজিংয়ের কোন উদ্যোগ নেয়নি সরকার।
রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদের ড্রেজিং করার পরিকল্পনা আছে। এ সংক্রান্ত একটি সার্ভে টিম তাদের প্রাথমিক কার্যক্রম পরিচালনা করেছে।





