সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ঘোনাপাড়া গ্রামের মোহন মাস্টারের বাড়ির পাশে খালের উপর নির্মিত কংক্রিট সেতুর দুই পাশের সংযোগ সড়ক না থাকায় গত ৩ বছর ধরে সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটি এখন এলাকাবাসীর কোনো কাজেই আসছে না।
ডায়া ঘোনাপাড়া গ্রামের আব্দুল মালেক, ফখরুল ইসলাম, মনজেল হোসেন, সুজন মিয়া, রজিনা খাতুন, খাদিজা খাতুন, শাহনাজ বেগম বলেন- ২০১৬-১৭ অর্থবছরে ৩৮ লাখ টাকা ব্যয়ে শাহজাদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪০ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করে। সেই থেকে গত ৩ বছরেও এ পরিত্যক্ত সেতুটির দুই পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। সংযোগ সড়কের অভাবে সেতুটিতে উঠতে মই ব্যবহার করতে হয়। মই ছাড়া সেতুটিতে ওঠা যায় না। অপরদিকে বর্ষায় নৌকায় ও শুষ্ক মৌসুমে সেতুটির নিচ দিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। তাই তারা অবিলম্বে এ সেতুটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান।
এ ব্যাপারে হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, এলাকাবাসী মাটি না দেওয়ার কারণে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। আগামী সেশনে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিক দিয়ে সেতুটির সংযোগ সড়ক তৈরি করার পরিকল্পনা হতে নেওয়া হয়েছে। এতে কাজ না হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, সরেজমিন পরিদর্শন করে অচিরেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





