মির্জাগঞ্জের মহিষকাটা বাজারসংলগ্ন মহিষকাটা-কলাগাছিয়া গ্রামের সংযোগ সেতুটি দুটি যাত্রীবাহী অটোসহ শ্রীমন্ত নদীতে ভেঙে পড়ে এক মাদরাসার সুপার নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আইউব আলী কলাগাছিয়া আছমতিয়া এন্তাজিয়া দাখিল মাদরাসার সুপার ও দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামের হাকিম আলী মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ব্যাটারিচালিত দুটি যাত্রীবাহী অটোসহ ১৫-২০জন পথচারী নিয়ে বিকট শব্দে সেতুটি ভেঙে পড়ে। এসময় লোকজনের ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় নদীতে থাকা লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও স্থানীয় কলাগাছিয়া আছমতিয়া এন্তাজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আইউব আলী নিখোঁজ হন। সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ মাদরাসা সুপারকে উদ্ধারের চেষ্টা করে। দুর্ঘটনার পৌনে দুই ঘণ্টা পরে বিধ্বস্ত সেতুর পূর্বপ্রান্তের দেড়শ গজ দক্ষিণ পাশে মাওলানা আইউব আলীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
গতকাল শনিবার সকালে উপজেলার সুবিদখালী দারুসসুন্নাত মাদরাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।





