নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইমানেরকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আজ সোমবার এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুলাল মিয়া নামে একজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের ইমানেরকান্দী গ্রামের দুলাল মিয়ার সঙ্গে শফিকুল আলমের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শফিকুল আলমের ভাই দেলোয়ার হোসেনকে পিটিয়ে আহত করার ঘটনায় এ নিয়ে থানায় মামলাও হয়েছে। তাদের দুপক্ষের মধ্যে আবারো বাকবিতন্ডা হয়। এর জের ধরেই আজ দুলাল হোসেনের নেতৃত্বে রাজিব মিয়া, ইলিয়াস মিয়া, শরীফ হোসেন, শাহ পরান, শাহজালাল, রুবেল হোসেন, নান্নু মিয়া সহ ১০/১২ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গিরদাইন এলাকায় রাস্তায় পথরোধ করে শফিকুল আলমের ছেলে আবুল হাসনাতের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আবুল হাসনাতের মাথায় জখম করে ও ডান পা ভেঙ্গে দেয় তারা। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক জানিয়েছে চিকিৎসকরা। এ ঘটনায় আবুল হাসনাতের বাবা সফিকুল আলম বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুলাল মিয়া নামে একজনকে আটক করেছে।





