সোনারগাঁয়ে মহাসড়কের পাশে ময়লার স্তুপ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে মহাসড়কের পাশে ময়লার স্তুপ

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জুলাই, ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্প নগরী এলাকায় মহাসড়কের জায়গা দখল করে বছরের পর বছর ধরে বর্জ্য ফেলে আসছে বিসিক শিল্প নগরীর কারখানার কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। ময়লার গন্ধে মহাসড়কের পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছে চরম দুর্ভোগে। দীর্ঘদিন ধরে মহাসড়কে পাশে এ অবস্থা চলে আসলেও সড়ক ও জনপথ (সওজ) এর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে কাচঁপুর বিসিক শিল্প নগরী এলাকায় কারখানা ও বাসা বাড়ির ব্যবহৃত সকল বর্জ্য স্তুপ করে ফেলা হচ্ছে।

স্থানীয় কয়েক জন ব্যক্তি ভ্যান গাড়িতে করে বাসা-বাড়িসহ কারখানার ব্যবহৃত বর্জ্য নিয়ে এসে সহযোগীদের মাধ্যমে মহাসড়ক ঘেঁষে বর্জ্য ফেলছে।

তারা জানান, প্রতিদিন বিসিক শিল্প নগরীসহ আশপাশের এলাকার বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট ও কারখানা থেকে কমপক্ষে ১০/১৫টি ভ্যানে করে আনা বর্জ্য এখানে ফেলা স্তুপ করা হচ্ছে। ওই সব বর্জ্য একটু বৃষ্টি হলেই মহাসড়কসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ দূষণ, পথচারীসহ মহাসড়কে যানবাহন চলাচলে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি গাড়ির সার্ভিসিং সেন্টারের মালিক জানান, ময়লার দুর্গন্ধে দোকানে বসে থাকা যায় না। ক্রেতা-বিক্রেতা সবারই দুর্ভোগের কারণ হয়ে উঠেছে এ ময়লার ভাগাড়। তাই ময়লার স্তুপের কারণে কাস্টমার অনেক কমে গেছে। ময়লার দুর্গন্ধে আধা কিলোমিটার এলাকা জুড়ে মানুষকে নাকে রুমাল চেপে চলাচল করতে হয়।

কুমিল¬া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের চালক বাদল বলেন, ঢাকায় ফেরার পথে কাচঁপুর বিসিক এলাকায় দেখা যায় মহাসড়কের ওপর অনেক সময় ময়লার স্তুপ পড়ে থাকে। গাড়ি চালাতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় ও দুর্গন্ধে যাত্রীদের দম বন্ধ হওয়ার জোগাড় হয়।

বিসিক শিল্প নগরীর মালিক সমিতির সভাপতি সবুর খাঁন বলেন, সরকারি জায়গা তাই এখানে ময়লা ফেলানো হচ্ছে। আর কোথাও ময়লা ফেলার জায়গা নেই। তাই একটু সমস্যা হলেও কিছু করার নেই।

কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, বিসিক শিল্প নগরীর ময়লার স্তুপ ছাড়াও তাদের কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে ছেড়ে দিচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের কাছে একাধিক বার অভিযোগ দিয়েও কোন কাজে আসেনি। বিসিক শিল্পনগরী ইউনিয়ন পরিষদের মধ্যে হলেও বিসিক এলাকা ইন্ডাস্ট্রিয়াল জোন। তাদের নিজস্ব সংগঠন দিয়ে বিসিক শিল্পনগরী পরিচালিত হয় তাই আমরা কিছু করতে পারি না।

সোনারগাঁয়ের পরিবেশ উন্নয়ন সোসাইটির সাধারন সম্পাদক মিজানুর রহমান বলেন, সড়কের পাশে ময়লা ফেলা বন্ধের জন্য সংগঠনের পক্ষ থেকে একাধীকবার লিখিত ভাবে নিষেধ করেছি। তাই কাচঁপুর এলাকায় দ্রুত ডাম্পিং স্টেশন করার দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল এ প্রতিনিধিকে জানান, বিনা অনুমতিতে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা ফেলছে। মহাসড়কের পাশে যাতে ময়লা না ফেলে বিসিক কর্তৃপক্ষকে একাধিক বার নিষেধ করা হয়েছে। ময়লা ফেলায় ওই এলাকায় যানবাহন চলাচলে অনেক সমস্যা হচ্ছে। তাই সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে মহাসড়কের পাশ থেকে ময়লা সরানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads