সারা দেশ

সোনারগায়ে ভুয়া ম্যাজিস্ট্রেটকে গণধোলাই, মামলার পর আদালতে প্রেরণ

  • প্রকাশিত ৩০ জুলাই, ২০২৪

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ওষুধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি।

আটককৃত ব্যক্তির নাম মো. সারোয়ার হোসেন (৫৩)। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাসাবো এলাকায় থাকেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে সোমবার সন্ধ্যায় নিজেকে ওষুধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান ওই ব্যক্তি। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এক পর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও ওষুধ প্রশাসনের চাকরিজীবী প্রমাণ পত্র চাওয়ার পর তা দেখাতে পারেনি। এমনকি তখন তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপার্দ করে।

আটককৃত ব্যক্তি বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার আদালতে সোপার্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads