অপরাধ

১২৬ কোটি টাকা আত্মসাৎ

সোনালী ব্যাংকের ৪ কর্মকর্তা কারাগারে

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ওই ব্যাংকের ৪ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার সময় পর্যন্ত উচ্চ আদালতের জামিনে ছিলেন ওই ৪ কর্মকর্তা। মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পিপি অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন- সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক নেপাল চন্দ্র সাহা (তৎকালীন খুলনা করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক), ব্যাংকের খুলনা করপোরেট শাখার সাবেক উপমহাব্যবস্থাপক সমীর কুমার দেবনাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ তৈয়াবুর রহমান ও সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান।

এই মামলায় অপর আসামি মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন পলাতক রয়েছেন।

জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে তিন দফায় ব্যাংক থেকে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে আত্মসাৎ করেন। এতে সরকারের সুদাসলে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে দুদক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads