সৌদির টিকিট পেয়ে স্বস্তি

সংগৃহীত ছবি

জাতীয়

সৌদির টিকিট পেয়ে স্বস্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০২০

প্রবাসীদের সৌদি আরবে ফিরতে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইনস। আগামী তিন দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তারা কোনো টোকেন না থাকলেও সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারছেন। নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় গতকাল সোমবার সকাল থেকে ঢাকার কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে টিকিট কাউন্টারের সামনে ভিড় ও জটলা কমে এসেছে।

মহামারীকালে দেশে আসা সৌদি প্রবাসীদের ফেরতের জটিলতা কাটলেও যাত্রী অনেক হওয়ায় টিকিট পাওয়া নিয়ে বিড়ম্বনা চলছিল কয়েকদিন ধরেই। গত রোববার কয়েক হাজার মানুষ সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের সামলাতে পুলিশ আসে। পরে বিক্ষুব্ধরা প্রায় দেড় ঘণ্টা কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে রাখেন।

মহামারীর কারণে গত মার্চের শেষ দিকে সারা বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে করে দেয় সৌদি আরব। তার আগেই ফিরতি টিকিট (রিটার্ন টিকিট) কিনে বাংলাদেশে এসেছিলেন অনেক প্রবাসী। এর বাইরেও নতুন করে ২৫ হাজার বাংলাদেশি সৌদি আরবে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। কিন্তু আগে থেকে বুকিং দেওয়া যাত্রীদেরই আপাতত টিকিট দেওয়া হচ্ছে। ২০ দিন ধরেই টিকিটপ্রত্যাশীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদির কার্যালয়ের বাইরে অবস্থান নেন সমস্যা সমাধানের আশায়।

গতকাল বেলা ১১টার দিকে মোরশেদ আলম নামে একজন কর্মী লাউডস্পিকারে ঘোষণা দেন, আগামী ১৩ অক্টোবরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তারা অন্যান্য কাগজপত্র সঠিক থাকলে এখনই টিকিট সংগ্রহ করতে পারবেন। তিনি আরো বলেন, আগামী তিন দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। যারা ভিসার মেয়াদ, ফোন নম্বর ও পুরনো টিকিটের তথ্য দিয়ে ফরম পূরণ করেছিলেন, তাদের টিকিটের খবর এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা ফরমটি পূরণ করেননি তারা এখনো পূরণ করতে পারেন।

অগ্রিম টিকিটের কী পরিমাণ যাত্রীকে সৌদিতে পাঠাতে হবে তার সঠিক তথ্য ঢাকা অফিসের জানা নেই বলে জানিয়েছেন সাউদিয়ার সেলস ম্যানেজার ওমর খইয়াম। ফলে যাত্রীর চাপ বেড়ে গেলে ঘোষিত সিদ্ধান্তেও পরিবর্তন আসতে পারে। বগুড়া থেকে আসা সোয়াইব বলেন, এ নিয়ে ৮ দিন কেটেছে হোটেল সোনারগাঁওয়ের ফুটপাতে। আজ শুনলাম আমি টিকিট পাব আরো কয়েকদিন পরে। কিন্তু তাদেরও তো শুধু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। নিশ্চিন্ত হই কীভাবে?

এদিকে যাত্রী ব্যতীত অন্য কাউকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ব্যতীত আসন বরাদ্দ করছে। বিমানে আসনসংখ্যা বেশি থাকলেও করোনার কারণে ঢাকা থেকে সৌদি গমনকারী প্রশস্ত বিমানে ২৬০ জন ও অপ্রশস্ত বিমানে ১৪০ জন যাত্রী পরিবহন করার বাধ্যবাধকতা ছিল। যাত্রীদের ঢাকা থেকে দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করেছে। এখন সৌদিগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি ও বিজনেস ক্লাসের ১টি আসন ব্যতীত সব আসনে যাত্রী নেওয়া যাবে। ফ্লাইটে আসনসংখ্যা বৃদ্ধির কারণে সে দেশে ফেরত যাওয়ার অনুমতিপ্রাপ্ত যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads