খুলনা মহানগরীর খালিশপুরের প্লাটিনাম জুট মিল স্কুলের নবম শ্রেণির ছাত্র মফিজুল ইসলাম বাপ্পীকে (১৬) পিটিয়ে হত্যার মামলায় দীর্ঘ ১০ বছর পর একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মো. রকি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- মো. নজরুল, রবিউল, আল আমিন, মিলন ও মুজিব হাওলাদার।
আইনজীবীরা জানান, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে বাপ্পী ও তার বন্ধু রাজু বসে গল্প করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হকিস্টিক ও রড নিয়ে রাজুর ওপর হামলা চালায়। তাকে বাঁচানোর জন্য বাপ্পী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে।পরে স্থানীয় লোকজন বাপ্পীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরের দিন বাপ্পীর বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১২ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।





