সিলেটের গোয়াইনঘাটে নিজের স্ত্রী ও দুই সন্তানহত্যার ঘটনায় হিফজুর রহমানকে (৩৫) পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেওয়া হয়। এরআগে হাসপাতালে চিকিৎসাধীন হিফজুর রহমানকে শনিবার গ্রেপ্তার দেখায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সিলেট ওসমানী হাসপাতাল থেকে ছাড়া পান হিফজুর। এরপর তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি গোয়াইনঘাট আমলি আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস হিফজুরের ৫ দিনের রিমান্ড মঞ্জর করেন।
গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, আমাদের ধারণা হিফজুরই তার স্ত্রী সন্তানদের হত্যা করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে।
গত বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণ পাড়া গ্রামের নিজ ঘর থেকে হিফজুরের স্ত্রী আলিমা বেগম (৩০), তার দুই সন্তান মিজান (১০) এবং তানিশা (৩)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘর থেকেই হিফুজরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর থেকে হিফজুর পুলিশ প্রহরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার আচরণ প্রথম থেকেই সন্দেহজনক বলে জানিয়েছিলো পুলিশ।
এদিকে, খুন হওয়ার সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আলিমা বেগম। ফলে পুলিশের মতে, তিনজন নয়, ওইদিন খুন করা হয়েছে আদতে চারজনকে।





