সড়কে ঝরল ৫ প্রাণ

সাদুল্যাপুরে বগুড়া-রংপুর মহাসড়কের ধাপেরহাটে গতকাল একটি যাত্রীবাহী বাস উল্টে যায়

ছবি -বাংলাদেশের খবর

দুর্ঘটনা

সড়কে ঝরল ৫ প্রাণ

ওসির স্ত্রী-পুত্রসহ আহত ৩২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৮

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বাস উল্টে গাইবান্ধায় শিশুসহ ২ জন, খাগড়াছড়িতে বাস উল্টে পথচারী, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার খাদে পড়ে শিশুগৃহকর্মী এবং সাভারে দুই ট্রাকের সংঘর্ষে ১ চালক নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। গত গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।

গাইবান্ধা : পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় শুক্রবার সকালে অপু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই এক শিশুসহ ২ জন নিহত ও ৫ জন আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় পলাশবাড়ী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহতরা হলেন পঞ্চগড় সদরের খোকরাগান্ধী গ্রামের ছবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫) ও ঢাকা পল্লবীর পোশাকশ্রমিক রিপন মিয়ার ৫ বছরের শিশুকন্যা চাঁদনি খাতুন।

স্থানীয় হাইওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অপু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৭৫০) ধাপেরহাটে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ওই বাসচাপায় ঘটনাস্থলেই শিশু চাঁদনি ও সাইদুল ইসলাম নিহত হয়। নিহতদের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি : এ জেলায় শুক্রবার সকাল ১০টায় বাস উল্টে ১ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বড়ব্রিজ আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ খোকন কুমিল্লার নাঙ্গলকোটের গোত্রশালের মৃত আকবর আলীর ছেলে। তিনি মাছের পোনা বিক্রি করতে খাগড়াছড়ি যান। আহতরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাবের ৪৫ সদস্য সাজেক ভ্রমণের জন্য বাসে খাগড়াছড়ি যাচ্ছিলেন। আলুটিলা পাহাড় থেকে নামার সময় আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয় এবং রাস্তার পাশের পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

শিবালয় (মানিকগঞ্জ) : সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশরিয়া এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত হয় সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেনের শিশুগৃহকর্মী আছিয়া (১৪)। এ দুর্ঘটনায় আহত হন ওসির স্ত্রী মোরশেদা খাতুন (৪৩), ছেলে ফায়াদ (২২) ও ভাই ওলিউল্লাহ (৬৫)।

স্থানীয় বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, ঢাকা থেকে খুলনাগামী প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৯৬১) একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে কারের ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া। আহত অন্যরা শঙ্কামুক্ত।

সাভার : সাভারে দুই ট্রাকের সংঘর্ষে আশরাফ গাজী নামের (৩০) এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাকচালক বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারন্নী চড়পাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মহসিনুল কদির জানান, শুক্রবার সকালে মাছভর্তি একটি ট্রাক গাবতলীর দিকে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুরে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাছভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads