হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে এক মহিলার আগুনে পুড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, কেউ হয়তো পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, এটি আসলে নাশকতার কোন কিছু এখনও আমরা পাইনি। তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সাকালে কামাইছড়া চা বাগানে এক মহিলার আগুনে পুড়া বিভৎস মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।





