হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আইনজীবীরাও এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। কর্মসূচি সফল করার লক্ষ্য সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজ ও অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়। সকাল ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা কলেজের সামনে সড়কে এসে অবস্থান নেয়। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় পুলিশ ও বিজিবি পাশেই সতর্ক অবস্থায় দাঁড়িয়ে ছিল। পরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ শুরু করে।
এত বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আশরাফুল ইসলাম সুজন, রাশেদা ইসলাম, জামিন হোসেন রাজু, মাহাদি আহসান, রাসেল আহমেদ. শফিকুল ইসলাম মামুন, সূচি আক্তার, সৈয়দ আবির, শাহিদ, প্রিয়াস প্রমুখ। এসময় বেশ কয়েকজন আইনজীবী এসে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তারা হলেন- আব্দুস শহিদ, আফজাল আহমেদ, আজিজুর রহমান, মিজানুর রহমান, গুলজার আহমেদ প্রমুখ। উল্লেখ্য, তারা বিএনপিপন্থি আইনজীবী হিসাবে পরিচিত।।





