হাজীগঞ্জে বালুমহলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হাজীগঞ্জ বাজারের হাজীগঞ্জ-রামগঞ্জ সেতু সংলগ্ন ৯টি বালুমহল ও ২টি বালুবাহী ট্রাকে ওভারলোডের অভিযোগে ৯ হাজার ৪’শ টাকা জরিমানা করে আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গণউপদ্রুব করার দায়ে সচেতনতার লক্ষ্যে ৯টি বালুমহলকে ১ হাজার টাকা করে নগদ ৯ হাজার টাকা ও ওভারলোড করায় ২টি বালুবাহী ড্রামটাককে ২০০ টাকা করে নগদ ৪০০ টাকা জরিমনা করা হয়। এছাড়াও আঞ্চলিক মহাসড়কে হ্যান্ডট্রাক্টরে (ট্রলি) মালামাল পরিবহনের দায়ে দুজন চালককে শাস্তি হিসেবে রাস্তার পাশ থেকে বালু অপসারণের কাজে লাগানো হয়।
এ সময় রাস্তার পাশ থেকে বালু সরিয়ে নেয়া এবং ট্রাক ও পিকআপের বাড়তি বডি সরিয়ে ফেলার নির্দেশনাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে থানা উপ-পরিদর্শক (এসআই) মো. হাছানসহ, জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মী, অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বালু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, ডিগ্রি কলেজ রোডের সম্মূখে হাজীগঞ্জ-রামগঞ্জ রোড থেকে নিয়মিত বালু অপসারণসহ সর্তক ও সচেতনতার লক্ষ্যে বালুমহল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়েছে।





