জ্যেষ্ঠ প্রতিবেদক
আসন্ন প্রবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সারাদেশে কোরবানির পশুর হাটসমুহে ভেটেরেনারি মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। গতকাল দুপুরে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে কোরবানির পশুর হাটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। আসন্ন পবিত্র ইদ উল আযহা যেন শান্তিপূর্ণভাবে প্রতিটি মানুষ পালন করতে পারে তার সব ধরণের ব্যবস্থা সরকার করেছে।
মন্ত্রী আরো বলেন, হাটে ক্রেতা-বিক্রেতা কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হবে। হাটে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও কোন খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোন খামারি তাঁর পশু দূরবর্তী হাটে নিতে চাইলে, রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। হাটে আনার পথে কেউ পশু বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবে না। মহাসড়কে বা যেখানে হাট বসালে যান চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু যাতে না হয় এবং সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া হবে, যাতে রাস্তায় পশু আটকে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এ জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, এবছর ঢাকায় উনিশটি হাটে এবং সারাদেশে এক হাজার বিরাশিটি স্থায়ী এবং দুই হাজার ষোলটি অস্থায়ী কোরবানির পশুর হাটে মোট এক হাজার সাতশত বায়ান্নটি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। ক্রেতা সাধারণের সুস্থ্য গবাদিপশু ক্রয়ে এবং হাটে আগত পশুর স্বাস্থ্য সেবা বিষয়ক পরামর্শ প্রদান করবে এই টিম। হাটে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুবিধা বিদ্যমান থাকবে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের হটলাইন ১৬৩৫৮ চালু রয়েছে।





