কুমিল্লার হোমনায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক নানামূখী প্রচার চালাচ্ছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, ব্যস্ততম জায়গায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছেন ইউএনও তাপ্তি চাকমা।
প্রচারণাকালে তিনি জানিয়েছেন, সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে যারা ইতালি ও মধ্যপ্রাচ্য থেকে দেশে এসেছেন- তারা যদি যথাযথ সরকারি নিয়ম না মেনে চলাফেরা করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া এবং স্কাউট মঞ্জুরুল ইসলাম শামীম, সহকারী শিক্ষক আইয়ুব আলী, রাহিদ আহমেদ দাদন এবং বিভিন্ন স্কুলের স্কাউটদের সঙ্গে নিয়ে ইউএনও তাপ্তি চাকমা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে এই প্রচারপত্র বিলি করেন।
এর আগে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগ পুরো উপজেলায় মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাংলাদেশ পুলিশ হোমনা থানার পক্ষ থেকেও জনসাধারণকে স্বাস্থ্য সতর্কতা ও সরকারি নির্দেশনামতে বিদেশফেরত নাগরিকদের বাড়িতে আলাদাভাবে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জানিয়ে মাইকিং, লিফলেট ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
হোমনা পৌরসভার কাউন্সিলর শাহনূর আহমেদ সুমন অভিযোগ করেন, হোমনায় বিদেশফেরতরা সরকারি নির্দেশনা না মেনে বাইরে অবাধে ঘোরাফেরা করছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি আইসেলেশন বেড রাখাা হয়েছে। বিদেশ ফেরতরা আলাদাভাবে বাড়িতে অবস্থান করতে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য হট লাইন নাম্বারে যোগযোগ করার পরামর্শ দিয়েছেন।





