পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মোবাইল ছিনতাইয়ের ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফোনটি খুঁজে পাওয়া যায়নি। তবে ফোনটি পাওয়া যাবে বলে মন্ত্রীকে আশ্বাস্ত করেছে পুলিশ।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে মন্ত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
মোবাইল ফিরে পেয়েছেন কি না এমন এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মোবাইল পাইনি। তবে কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার (ছিনতাইকারির) ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গিয়েছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।’
এর আগে রাজধানীর বিজয় সরণি এলাকায় গত ৩০ মে, রোববার সন্ধ্যায় মন্ত্রীর মোবাইল ছিনতাই হয়। এরপর থেকে রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার প্রায় ডজনখানেক চিহ্নিত ছিনতাইকারীকে ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারাও কোনো সন্ধান দিতে পারেনি। তাদের দাবি- তাদের নেটওয়ার্কেও পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের তথ্য নেই।





