গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এক যুগ পর এ কমিটি গঠন করা হলো। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলার ৮ টি ইউনিয়নে নির্ধারিত ভোটারের ভোট প্রয়োগের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক ইউনিয়ন থেকে ৫ জন করে ভোটার ছিল। সর্বমোট ৪০ জন ভোটার এ ভোট প্রয়োগ করার কথা থাকলেও ১ জনের মৃত্যু হওয়ার করেন, ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন মোহাম্মদ শাহজাহান ফকির ও সদস্য সচিব নির্বাচিত হন মো. আক্তারুল আলম।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবীর এ সত্যতা নিশ্চিত করে জানান, এক যুগ পর সরাসরি ভোটের মাধ্যমে শ্রীপুর উপজেলা বিএনপি'র আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে আহব্বায়ক কমিটি গঠন করে দৃষ্টান্ত স্থাপন করলো শ্রীপুর উপজেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়্যেদুল আলম বাবুল বলেন, শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৯ জন ভোটার সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আহ্বায়ক পদে ৩ জন এবং সদস্য সচিব পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাদের মধ্যে আহ্বায়ক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ শাজাহান ফকির। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব পেয়েছেন ১৭ ভোট অপরদিকে ৪ ভোট পেয়েছেন ডা. শফিকুল ইসলাম। এ দিকে সদস্য সচিব পদে ২১ ভোটে নির্বাচিত হন মো. আক্তারুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান টিটু পেয়েছেন ১৫ ভোট। অপরদিকে উপজেলা বিএনপির বর্তমান সাধারন সম্পাদক ফজলুল হক পেয়েছেন ৩ ভোট।
নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপি'র আহবায়ক ফজলুল হক মিলন, আবদুস সালাম, গাজীপুর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মজিবর রহমান।





