করোনাভাইরাসে দেশে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬০ জন। করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫১০ জনের। আর আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫২ জন। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনে।
করোনাভাইরাস নিয়ে শনিবার (০১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।
এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) দেশে করোনায় ৫৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ২ হাজার ১৭৭ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (০১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৬৬ জন এবং নতুন করে ৮ লাখ ৭১ হাজার ৫৯৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকে।





