এশিয়া বনাম আফ্রিকা নয়, এশিয়া বনাম ইউরোপ নয়, ইউরোপ বনাম আফ্রিকা নয়, এশিয়া বনাম কনকাকাফ নয়, কনকাকাফ বনাম এশিয়া বা ইউরোপ কিংবা আফ্রিকা নয়, আজকের লড়াই ওশেনিয়া বনাম ওশেনিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম আসরের ফাইনালে আজ লড়াই হবে ওশেনিয়া অঞ্চলের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল।
শিরোপার জন্য দুটি দল যেভাবে তাতিয়ে আছে, তাতে এটা স্পষ্ট যে, কঠিন এক ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যাচ্ছে বিশ্বের কোটি কোটি ক্রিকেটামোদী। মরুর বুকে ক্রিকেট ঝড়ের চূড়ান্ত তাণ্ডবের মধ্য দিয়ে আজ শেষ হবে প্রায় এক মাসের কুড়ি ওভারের ব্যাটে-বলের যুদ্ধ। যে যুদ্ধের সুপার টুয়েলভ পর্বে অংশ নেয় বাংলাদেশসহ ১২টি দেশ। সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তান সেমিফাইনালের আগেই বিদায় নেয়। এরপর জমজমাট দুটি সেমিফাইনাল থেকে বিদায় নেয় আরো দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও পাকিস্তান দল। ফলে এখন নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব।
পুরোপুরি যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুটি সেমিফাইনালেই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। আবার দুটি সেমিফাইনালেই রান চেজ করে জিতেছে ফাইনালিস্টরা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের করা ৪ উইকেটে ১৬৬ রানকে এক ওভার বাকি থাকতেই অতিক্রম করে নিউজিল্যান্ড। আর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের ১৭৬ রানকে টপকে গেছে অস্ট্রেলিয়া সেই এক ওভার বাকি থাকতেই। দুটি সেমিফাইনাল যেহেতু বিগ স্কোরিং ম্যাচ ছিল, তাই আশা করা যাচ্ছে, আজকের ফাইনাল ম্যাচেও আবুধাবির উইকেটে রানের বন্যা বয়ে যাবে। দর্শকরা চার-ছয়ের ধুন্ধুমার লড়াই উপভোগ করতে পারবে।
টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে অস্ট্রেলিয়াই। ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে ৯ বার জিতেছে অসিরা। পাঁচ জয় অজিদের। আর বিশ্বকাপের মঞ্চে একবার দেখা হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। সেটিতে জয় পেয়েছিলো কিউইরা। ২০১৬ সালে সুপার টেনে গ্রুপ-২ এর ম্যাচে ৮ রানে জিতেছিলো নিউজিল্যান্ড। এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ দেখা হয়েছিলো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জেতে অসিরা।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টয়নিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।





