শোবিজ

‘এখন তো গান মানেই মিউজিক ভিডিও’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২০

বিশিষ্ট সংগীতশিল্পী আবিদা সুলতানা। চলচ্চিত্রের সোনালি সময়ে তার গাওয়া গান ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কালজয়ী হয়ে সেসব গান এখনো মানুষের মুখে মুখে। এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েও আবিদা সুলতানা থেমে নেই। ক্লান্তিও নেই তার মধ্যে। ভালো কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন। এখনো নিয়মিত গাইছেন। স্টেজেও আবিদা সুলতানা বেশ সরব। এ পর্যন্ত সাড়ে চারশ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া বেশ কয়েকটি গান এখনো মানুষের মুখে মুখে। তিনি নজরুল ও রবীন্দ্রসংগীতেও সিদ্ধহস্ত।

সংগীতাঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে আবিদা সুলতানা বলেন, ‘বর্তমানে সংগীতাঙ্গনের অবস্থা ভালো ও মন্দের মিশেল। এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। বলেও লাভ নেই। বিষয়টি সম্পর্কে সবাই কম-বেশি অবগত আছেন। এখন তো গান মানেই মিউজিক ভিডিও। সবাই তাই করছে। তবে এর মধ্যে আমি নেই। কারণ এত টাকা খরচ করে মিউজিক ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব নয়।’

বর্তমানে গানের জগৎ অনেকটাই পরিবর্তন হয়েছে বলে মনে করেন তিনি। আবিদা সুলতানা বলেন, ‘একটা সময় প্রডিউসাররা আমাদের দরজায় এসে ধরনা দিত। সেখানে নিজেরা টাকা খরচ করে মিউজিক ভিডিও করার মানসিকতা আমার নেই। শুধু আমি কেন, আমাদের সময়কার কোনো শিল্পই নিজেদের টাকা দিয়ে মিউজিক ভিডিও করবেন না। আমরা সেভাবে তৈরিই হইনি। এরপরও নিজেকে টিকিয়ে রাখতে দু-একটা মিউজিক ভিডিও করেছি। কিন্তু আর নয়। আর এখন তো নিয়ম হয়ে গেছে, নিজে টাকা খরচ করে প্রডিউসারের কাছে যাও, গান বানাও।’

১৯৭৪ সাল থেকে চলচ্চিত্রে গান গেয়ে আসছেন আবিদা সুলতানা। এখন সময় ও সুযোগ কম হওয়ায় তাই কম করেই গাইছেন। তবে বেশিরভাগ সময়ই স্টেজ শোতে তার দেখা পাওয়া যায়। গত বছরও দেশের বাইরে বেশ কয়েকটি স্টেজ শো করেন।

নতুন গান কী করছেন? আবিদা সুলতানা বলেন, ‘নতুন গান করছি। তবে সংখ্যায় বেশ কম। দু-একটি নতুন গান করেছি এরই মধ্যে। সেগুলো সামনে পাবেন শ্রোতারা।’ নতুন কোনো অ্যালবাম করবেন কি? আবিদা সুলতানা উত্তরে বলেন, ‘আসলে অনেক দিন ধরেই অ্যালবাম প্রকাশ করব বলে ভেবে রেখেছি। কিন্তু সেটা আর শেষ করতে পারিনি। অ্যালবামের জন্য আমার ছোট ভাই শওকত আলী ইমন ও সুমন কয়েকটি গান তৈরি করেছে। সেগুলোতে কণ্ঠও দিয়েছি। কিন্তু এরই মধ্যে অ্যালবাম প্রকাশের রীতি তো উঠেই গেল। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। তাই অ্যালবাম প্রকাশ আর করতে পারিনি। এখন তো ইউটিউবে গান প্রকাশ করছে সবাই। সিডির রমরমা অবস্থা আর নেই। সিডি প্রায় বিলুপ্তই বলা যায়। তবে ডিজিটালি গান প্রকাশ করতে গেলেও দেখা যায় সেটা পাইরেসির ভয় আছে। যেভাবে খুশি এখন অনলাইনে গান প্রকাশ হচ্ছে। এটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা উচিত।’

তাহলে এখান থেকে উত্তরণের পথ কী? আবিদা সুলতানা বলেন, ‘মানসম্মত গান ও শিল্পীদের প্রচারণা করা সবার দায়িত্ব। এক্ষেত্রে মিডিয়াগুলো বড় ভূমিকা রাখতে পারে। কারণ মানহীন গান শুনতে শুনতে আমরা তাতে অভ্যস্ত না হয়ে যাই, এটা শঙ্কার বিষয়। তাই ভালো গানগুলোর প্রচারণা বাড়াতে হবে। বেশি গুরুত্ব দিতে হবে।’

এ সময়ের শিল্পীদের গান কি শোনা হয় আপনার? তাদের গান কেমন লাগে? আবিদা সুলতানা বলেন, ‘সব গান তো শোনা হয় না। তবে অনেকের গানই শুনেছি। এর মধ্যে কয়েকজনকে খুব মেধাবী মনে হয়েছে। তারা সঠিক পথে চললে ভালো অবস্থানে যাবে। আসলে তরুণরাই তো সংগীতটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের দায়িত্বও অনেক। আমি আশা করব সেটা তারা পালন করবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads