পড়াশোনা আর খেলাধুলায় পাড়া মাতানোর মধ্য দিয়েই পার করেছেন সোনালী শৈশব। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকেই শিশু সাংবাদিকতার সাথে নিজেকে যুক্ত করে নেন। বলছি মাগুরার সন্তান শাকিলুর রহমানের কথা। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সোনাপুর গ্রামের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।
ফেসবুকের এক বন্ধুর মাধ্যমে ২০১৬ সালে নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতার প্ল্যার্টফরম ‘হ্যালো’ এবং ‘প্রিজম’-এ যোগ দেন। ‘হিজড়া শিশুরা কষ্টে আছে’, ‘ভিক্ষে নির্ভর মুক্তিযোদ্ধার জীবন’, ‘বিদ্যালয়ের মাঠ দখল করে হাট’, ‘সোনাপুর বাঁশের সাঁকোর বেহাল অবস্থা’ এ ধরনের বেশ কয়েকটি সংবাদ প্রকাশের মাধ্যমে চারিদিকে তার নাম ছড়িয়ে পরে। শিশু সাংবাদিকতার সুবাধেই ২০১৮ সালে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের সংবাদ বিভাগে মনোনীত হয়েছিলেন তিনি।
মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পা রাখেন অচেনা শহর ঢাকায়। এরপর বিনোদন সাংবাদিক হিসেবে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে বিনোদন অঙ্গনে কয়েকবছর দাবড়িয়ে বেড়ান। বিনোদনে কাজ করার সুবাধেই একদিন ভাবলেন, চলচ্চিত্রের ডিজিটাল মার্কেটিং করলে কেমন হয়? যেই ভাবনা সেই কাজ। উদ্যোক্তা হবার স্বপ্নে হাঁটা শুরু করলেন। কয়েকজন উদ্যোমী তরুণদের নিয়ে ধীরে ধীরে গড়ে তুললেন এসকে মিডিয়া।
২০১৯ সালের ৫ জুন এসকে মিডিয়া বিডি ডটকমের যাত্রা শুরু হলেও ২০২০ সালের মাঝামাঝি সময়ে কার্যক্রম শুরু করেন তিনি।
‘নোলক’ সিনেমার মার্কেটিংয়ের মাধ্যমে এসকে মিডিয়া ডিজিটাল মার্কেটিংয়ের যাত্রা শুরু করেন। এরপর ধীরে ধীরে বেশকিছু সিনেমার মার্কেটিং করে এসকে মিডিয়া। তারই ধারাবাহিকতায় ওয়েব সিরিজ, নাটক ও মিউজিক ভিডিও যুক্ত করেন।
যুগের সাথে নিজেদেরকে এগিয়ে রাখতে এসকে মিডিয়ার ওয়েবসাইট এসেছে। পাশাপাশি এ্যাপস ডেভেলপমেন্টের কাজ চলছে। এসডে মিডিয়া বিনোদন কে প্রাধান্য দিয়ে থাকলেও পাশাপাশি দর্শকদের জন্য রেখেছেন লাইফস্টাইল, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, ভ্রমণ, সাহিত্যসহ আরও কয়েকটি বিভাগ।
শাকিলুর রহমান বলেন, বাংলাদেশি সিনেমার ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ বেশি তেমন একটা চোখে পরে না। সেজন্য ভাবলাম দেশীয় সিনেমাকে বর্হিবিশ্বে সহজে তুলে ধরতে ডিজিটাল উপায়ে কিছু করি।
তিনি বলেন, অল্পদিনে এতো সাড়া পাবো কল্পনাও করিনি। আমরা সব সময় চেষ্টা করছি সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ ও ভিডিও পাঠকদের কাছে তুলে ধরার। এরই মধ্যে আমাদের বেশ কিছু নতুন বিভাগের কাজ শুরু হয়েছে। সামনে আঞ্চলিক পর্যায়েও আমরা কাজ করব। এসকে মিডিয়া বিডি ডটকম নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে।
করোনাভাইরাসের উৎকণ্ঠার সময়েও ঘরবন্দি দর্শকদের বিনোদিত রাখতে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ফেসবুক লাইভ আড্ডার ব্যবস্থা করেছেন। এছাড়া পুলিশ কর্মকর্তাদের নিয়ে ‘জনতার চোখে মানবিক পুলিশ’ নামে একটি সাক্ষাৎকারভিত্তিক ফেসবুক লাইভ অনুষ্ঠানও পরিচালনা করে যাচ্ছে এসকে মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানগুলো বেশ সাড়া ফেলেছে বলে জানান এসকে মিডিয়ার কর্ণধার শাকিলুর রহমান।
তিনি আরো বলেন, যাত্রা শুরুর দিনগুলো কঠিন হলেও টিম মেম্বারদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতির দিকে যাচ্ছি। নতুন নতুন কাজের অফার আসছে। আমরা মনে করি, চলচ্চিত্র ও সংস্কৃতির সুদিন আবার ফিরবে।
ক্রিকেটপ্রেমী শাকিলুরের ছেলেবেলা থেকেই কবুতর ও ঘুঘু পালন করা শখ। সাংবাদিকতা পেশায় কখনো আসবে না ভাবা ছেলেটি এখন সাংবাদিকতা পেশায় আরো ভালো কিছু করার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলছে।
সাংবাদিকতা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাকিলুর বলেন, সাংবাদিকতার পাশাপাশি গরিব শিশুদের নিয়েও কাজ করতে চাই।
এসকে মিডিয়া নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এটিকে বাংলাদেশী একটি ব্র্যান্ড হিসেবে সারাবিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের লক্ষ হচ্ছে দেশের পজিটিভ বিষয়গুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এছাড়াও সারা বিশ্বে এসকে মিডিয়া বিডি ডটকমকে ছড়িয়ে দিতে চাই।
তিনি আরো বলেন, নতুন একটি প্রজেক্ট আসবে। যেখানে একসঙ্গে বড়পর্দা ও ছোটপর্দার নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করব। এসকে মিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউবে শীঘ্রই প্রকাশ করতে পারবো বলে মনে করছি।





