শেখ হাসিনা কখনও অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাইবেন না এজন্য সরকার উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলকভাবে খালেদা জিয়াসহ বিএনপির জনপ্রিয় নেতাদের নির্বাচন থেকে দূরে রাখাতে মনোনয়নপত্র বাতিল করেছে বলে অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।
রিজভী আরো বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকার পরিকল্পনা করেছে, একতরফা নির্বাচন করবে, গায়ের জোরে নির্বাচন করবে এবং জোর করে ক্ষমতায় থাকবে। সেজন্য এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। তারপরও বলব সব বাঁধ ভেঙে জনগণ এগিয়ে আসবে।
রিজভী বলেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক ও দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিলেও তাদের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় সরকারের যিনি প্রধান তিনি যখনই পদত্যাগ করবেন সেটা গৃহীত হতে হবে। এটা আইন। এই আইন বরখেলাপ করে আপনারা তাদের মনোনয়ন বাতিল করছেন এর পরিণাম ভালো হবে না। অবিলম্বে তাদের মনোনয়নপত্র গ্রহণ করুন, তাদের পদত্যাগপত্র গ্রহণ করুন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অভিযোগ করে জানান, শনিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারের নাটোরের বাড়িতে বৈঠক চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। ফেনী-২ আসনের বিএনপি প্রার্থী জয়নাল আবেদিনের বাসায় প্রবেশ ও বের হওয়ার সময় গ্রেপ্তার করা হচ্ছে। তিনি অবিলম্বে এসব গ্রেপ্তার বন্ধ ও গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।





