‘যদি জীবনকে ভালোবাসো, গাড়ি চালাও আস্তে’- এই স্লোগান নিয়ে চাঁদপুরে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেছে জেলা পুলিশ বিভাগ। পুলিশ সেবা সপ্তাহ শেষ হলেও চাঁদপুরের গুরুত্বপূর্ণ সড়কে আজ রোববার সকাল থেকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম শুরু করেন।
এসময় চাঁদপুর বাস স্ট্যান্ড, ওয়ারলেস এলাকা এবং বাবুরহাটের মোড়ে বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করে দেয়া, নিরাপদ সড়কের জন্য প্রচারপত্র বিতরণ এবং যানবাহনে স্টিকার সাঁটানোর কাজ করেন পুলিশ কর্মকর্তারা।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই প্রচারণায় অংশ নিয়ে বলেন, ‘জেলার ব্যস্ত সড়কগুলোতে নিরাপদে সবধরনের যানবাহন চলাচলে সাবধানতা, চালকদের সতর্ক করে দেয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় এই নিরাপদ সড়ক প্রচারণা কার্যক্রম।’
তিনি আরো বলেন, ‘শুধু পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষেই নয়, নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রেরণা নিয়ে বছর জুড়ে এই কার্যক্রম চলবে।’
এতে সড়ক দুর্ঘটনা দ্রুত হ্রাস পাবে এমনটা আশা করছেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন ট্রাফিক বিভাগের পরিদর্শক ফয়সাল আহমেদ, ইসরাফিল মজুমদার ও মোখলেছুর রহমান প্রমুখ।
জানুয়ারি মাসে চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৭জন নিহত এবং অর্ধশত আহত হন।





