বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৮

শিশু অধিদফতর প্রতিষ্ঠার কাজ অনেক এগিয়েছে: চুমকি

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ইত্তেফাক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ছবি: সংগৃহীত


মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘শিশুর সার্বিক অধিকার সুরক্ষায় শিশু অধিদফতর প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়ে গেছে। আমরা আশা করছি, এটা করতে পারবো।’

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ইত্তেফাক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন: শিশু অধিকার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোস্যাল ডেভলপমেন্ট (এএসডি) ও দৈনিক ইত্তেফাক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএসডির প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ । দেশে দারিদ্রের হার কমে আসছে। দেশে ভিক্ষুকের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে।

তিনি বলেন, আগে দেশে বাল্য বিবাহ ছিল অগণিত। বাল্য বিবাহ ঠেকাতে কিশোর-কিশোরী ক্লাব গঠন করে দেওয়া হয়েছে। সরকারের কার্যকর ভূমিকার কারণে বাল্যবিবাহ এখন উল্লেখযোগ্য হারে কমে এসেছে। কোথাও কোন শিশু নির্যাতনের ঘটনা নজরে আসলে সে বিষয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুমকি বলেন, বর্তমান সরকার দুই কোটি নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গর্ভবতী মা’দেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার করা হয়েছে। দরিদ্র শিশুরা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত হয়ে যাচ্ছে। এই ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘অনুসন্ধান করে দেখা গেছে একটি চক্র শিশুদের ভিক্ষাবৃত্তি এবং মাদক ব্যবসায় ব্যবহার করে। অনেক ক্ষেত্রে বাবা-মাও শিশুদের ভিক্ষা বৃত্তিতে ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা এই ধরনের জঘন্য কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, শিশু বান্ধব সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী সমাজের বিত্তবানদের পথশিশু ও হতদরিদ্র শিশুদের মানবিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১