আপডেট : ২৯ August ২০১৮
বাংলাদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ইভিএম আমরা মানি না। যেসব দেশে নির্বাচনে ইভিএম চালু করা হয়েছিল সেসব দেশে এই পদ্ধতি বাতিল করার প্রক্রিয়া চলছে। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘তড়িঘড়ি করে আরপিও সংশোধনের উদ্যোগ এবং বিতর্কিত ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে নাগরিক শঙ্কা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আরপিও সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা থেকে বিরত থাকার জন্য বলব নির্বাচন কমিশনকে। অন্যথায় একদিন জনগণের আদালতে আপনাদের বিচার হবে। তিনি বলেন, আগামী নির্বাচন এই সরকার আবারও গায়ের জোরে করতে চায়। কারণ, তারা বুঝতে পেরেছে যে, জনগণকে যদি সুযোগ দেওয়া হয় তাদের ভোট দিতে তাহলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। এটা সরকারের গোয়েন্দারা তথ্য দিচ্ছে, এজন্য তারা একটার পর একটা কৌশল অবলম্বন করছে টিকে থাকার জন্য।’ জাতীয় ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সরকার নানাভাবে চেষ্টা করেছে অভিযোগ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সেই বাধাকে উপেক্ষা করে জাতীয় ঐক্যের যে সুর্যোদয়ের আভাস গণমাধ্যমে দেখলাম তাতে আমরা আশাবাদী। আমরা বিশ্বাস করি, দেশের সব দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্যের সৃষ্টি হবে, সেখানে এক ছাতার নিজে সবাই ঐক্যবদ্ধ হবে। আওয়ামী লীগ যত ষড়যন্ত্রই করুক জনগণ যখন রাস্তায় নামবে তখন কোনো ষড়যন্ত্র টিকবে না।’ সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল, খালেদা ইয়াসমিন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১