বাংলাদেশের খবর

আপডেট : ২২ October ২০১৮

আমিরাতে নতুন ভিসা পদ্ধতি চালু


চালু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বহুল প্রতীক্ষিত নতুন ভিসা পদ্ধতি। দেশটিতে বসবাসরত প্রবাসীরা গতকাল রোববার থেকে নতুন এ ভিসা পদ্ধতির সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (এফএআইসি)। নতুন এ ভিসা পদ্ধতিতে প্রবাসীদের পরিবার, ভিজিটর ভিসাপ্রাপ্ত প্রবাসী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেবে দেশটির সরকার।

খালিজ টাইমস জানায়, নতুন ভিসা পদ্ধতির আওতায় বিধবা এবং বিবাহবিচ্ছেদ হয়েছে এমন নারী ও তাদের সন্তানরা এক বছরের ভিসার মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন। বিশেষত, বিবাহবিচ্ছেদ কার্যকরের দিন থেকে এবং বিধবা নারীদেরকে তার স্বামীর মৃত্যুর দিন থেকে এক বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হবে।

এফএআইসি’র পররাষ্ট্র ও বন্দর বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাঈদ রশিদী বলেন, এমন নারীদের এ ভিসার জন্য আবেদন করতে কোনো অর্থের প্রয়োজন হবে না। এ ধরনের ক্ষেত্রে নারীরা যে সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় পড়েন, তা থেকে রক্ষা করতেই এ সুবিধা দিচ্ছে আমিরাত সরকার। এর আগে আমিরাতে বসবাসকারী কোনো নারীকে তার স্বামীর মৃত্যু হলে কিংবা তালাকপ্রাপ্ত হলে সন্তানসহ দেশে ফিরে আসতে হতো। কিন্তু নতুন এ ভিসা পদ্ধতির কারণে এখন তাদের আর আমিরাত ছাড়তে হবে না।

এ ছাড়া যাদের ভিজিট ভিসা আছে তারা দেশ ছাড়ার আগে সর্বোচ্চ দুবার ৩০ দিনের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। তবে এমন সুবিধা পেতে প্রতিবার তাদের ৬০০ দিরহাম খরচ করতে হবে। এ ছাড়া আমিরাতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা নতুন এ ভিসা পদ্ধতির কারণে বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন। দেশটিতে এর আগে ভিজিটর ভিসাপ্রাপ্তদের তিন মাসের ভিসার মেয়াদ শেষ হলেই এবং পর্যটকদের এক মাসের ভিসার মেয়াদ শেষ হলেই দেশে ফিরতে হতো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১