বাংলাদেশের খবর

আপডেট : ০৩ November ২০১৮

সংলাপে বসতে চায় আরো ৩২ দল

ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


এবার আরো ৩২টি দলকে সংলাপের জন্য আহ্বান করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

এ সময় ওবায়দুল কাদের বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। তাই সবার দাবি মেনে সংলাপ করা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতির নামে লোক দেখানো সংলাপ করা হচ্ছে না। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের পর এবার সংলাপে বসতে চায় আরও ৩২ দল। এ সংলাপের পেছনে নির্বাচন বানচালের মতো যে কোনও অপতৎপরতার বিষয়ে আমরা সতর্ক আছি। সংলাপের পাশাপাশি কেউ নাশকতার পরিকল্পনা করলে তা প্রতিহত করবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, অ্যাডভোটেক সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১