বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৮

মুন্সীগঞ্জে হোন্ডা মোটরসাইকেল কারখানা উদ্বোধন

বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে আজ মুন্সীগঞ্জের গজারিয়ায় হোন্ডার মোটরসাইকেল কারখানা করা হয়েছে ছবি: বাংলাদেশের খবর


‘এগিয়ে যাবে বাংলাদেশ সঙ্গে থাকবে ব্র্যান্ড হোন্ডা’- এই স্লোগানে বিশ্বখ্যাত জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডার কারখানা উদ্বোধন করা হয়েছে। এখন থেকে ব্র্যান্ড হোন্ডা তৈরি হবে বাংলাদেশে। বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়ায়  হোন্ডার মোটরসাইকেল কারখানা করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকার আবদুল মোমেন অর্থনৈতিক অঞ্চলে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অনুষ্ঠানিকভাবে হোন্ডা মোটরসাইকেল কারখানা উদ্বোধন করেন।

২০১৭ সালের শেষদিকে মাটি খনন ও কারখানা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। ২০১৮ সালে নভেম্বরে উৎপাদনে আসে কোম্পানিটি। বছরে সাতটি মডেলে এক লাখ ইউনিট মোটরসাইকেল নির্মাণে আপাতত ৩৯০ জন লোকের কর্মসংস্থান  হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

২৫ একর জমির ওপর ২৩০ কোটি টাকা ব্যয়ে জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা ও বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল অধিদফতরের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তৈরি করবে বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা। প্রাথমিকভাবে কারখানায় এক লাখ মোটরসাইকেল উৎপাদন করা সম্ভব। তবে বাজারের প্রবণতা বুঝে ২০২১ সালের মধ্যে প্রতিবছের ২ লাখ মোটরসাইকেল উৎপাদন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ৭০ শতাংশ মালিকানা জাপানি হোন্ডা কোম্পানি লিমিটেডের, আর বাকি ৩০ শতাংশ শেয়ারের মালিকানা বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশনের। বিক্রীত পণ্যের মডেলে রাখা হয়েছে ৭টি, এর মধ্যে (বিএইচএল দ্বারা উৎপাদিত) ড্রিম নিও১১০, লিভো ১১০, সিবি সাইন ১২৫, সিবি ট্রিগার ১৫০, সিবি হর্নেট ১৫০ আর অন্যদিকে (আমদানিকৃত) ডিও ১১০ সিবিআর ১৫০-এর উৎপাদনক্ষমতা ধরা হয়েছে এক লাখ।

এদিকে কোম্পানিটি ২০১৩ সালে গাজীপুরে ভাড়া করা কারখানায় যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে উৎপাদন শুরু করে। ভবিষ্যৎ বাজারের সম্প্রসারণের প্রস্তুতি হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকার আবদুল মোমেন কমার্শিয়াল জোনে ফ্যাক্টরি স্থাপিত হবে ২৫ একর জায়গায়।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টার-পার্লামেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী পরিচালক পবন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টরের চিফ অফিসার ইয়োশি ইয়ামানে, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের অপারেটিং অফিসার নোরিয়াকি, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের এশিয়া রিজিয়নের প্রধান কর্মকর্তা মাসায়াকি ইগারাশি, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরো ইশি প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১