বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০১৮

‘স্বাতন্ত্র্য’ বজায় রেখে মহাজোটে যোগ দিচ্ছে যুক্তফ্রন্ট

বিকল্পধারার জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী সংরক্ষিত ছবি


আনুষ্ঠানিক আলোচনার পর ‘স্বাতন্ত্র্য’ বজায় রেখে যুক্তফ্রন্ট ১৪ দলের সঙ্গে নয়, মহাজোটে যোগ দিতে পারে বলে জানিয়েছেন বিকল্পধারার জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যাল‌য়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে বৈঠক শে‌ষে মাহী এ কথা জানান।

১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচ‌নে আস‌ছেন কি না- এমন প্রশ্নের জবা‌বে মাহী ব‌লেন, ‘আনুষ্ঠানিক আলোচনার আগে বিষয়গুলো এর বে‌শি খু‌লে বলা যা‌বে না। আনুষ্ঠানিক আলোচনার বিষ‌য়ে আজ (গতকাল) আমরা আলোচনা ক‌রে‌ছি। খুব শিগগির আনুষ্ঠানিক আলোচনা শুরু কর‌ব। যুক্তফ্রন্ট ও ১৪ দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা যেন শুরু হয়, সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হলো।’

তিনি বলেন, ‘বিকল্পধারা জন্মের পর থে‌কে আ‌ওয়ামী লী‌গের বিরু‌দ্ধে রাজনী‌তি ক‌রে‌নি, বিএনপির বিরু‌দ্ধেও রাজনী‌তি ক‌রে‌নি। আমরা বাংলা‌দে‌শের প‌ক্ষে রাজনী‌তি ক‌রে‌ছি। বিএন‌পির সঙ্গে একসঙ্গে বসেছিলাম, আলোচনা ক‌রে‌ছিলাম। আমরা মন থে‌কে আশা করেছিলাম, জিয়াউর রহমা‌নের দল হি‌সে‌বে তারা জামায়াত‌কে ছু‌ড়ে ফে‌লে দি‌তে পার‌বে। তা‌দের সঙ্গে জামা‌য়াতের যে আত্মার সম্পর্ক তৈরি হ‌য়ে‌ছে, সেখান থে‌কে তারা বে‌রি‌য়ে আসতে পারেনি, সেটা তাদের জন্য দুঃখজনক, বাংলা‌দে‌শের জন্য দুঃখজনক।’

ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মাহী ব‌লেন, ‘আজ‌কে আমরা একটি অনানুষ্ঠানিক আলোচনা ক‌রে‌ছি। বেশ ক‌য়েক‌ দিন ধ‌রে আমাদের দ‌লের মহাসচিব আবদুল মান্নানের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বেশ কয়েকবার আলাপ হ‌য়ে‌ছে। সেই আলোচনার পরিপ্রেক্ষি‌তে আজ‌ বাংলা‌দে‌শের বিরুদ্ধে যে শ‌ক্তি ষড়যন্ত্র ক‌রছে, সেসব বিরোধী শ‌ক্তির বিরু‌দ্ধে দেশপ্রে‌মিকদের একসঙ্গে ক‌রে এক‌টি সুন্দর নির্বাচন যেন ক‌রা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলা‌দেশের প‌ক্ষের মানুষ যেন বিজয় অর্জন ক‌রতে পা‌রে, সার্বিক রাজনীতি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।’ এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১