আপডেট : ২৮ November ২০১৮
ঢাকায় পাকিস্তান হাই কমিশনে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলেন- মোস্তফা (৩৫),দুলাল মিয়া ওরফে দুলাল (৩৪),সজল ওরফে কালু (২২),জাহাঙ্গীর আলম (৪৫), নিমাই বাবু (৪২) ও সেকুল ইসলাম (৩৫)। এ সময় পাকিস্তান হাই কমিশন হতে চুরি যাওয়া ৩টি সিপিইউ, ২টি ইউপিএস, ১টি কম্পিউটার মনিটর ও চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়। আজ বেলা সাড়ে ১১টায় গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান। পাকিস্তান হাই কমিশনে চুরির ঘটনা সম্পর্কে তিনি বলেন, গত ২৫ নভেম্বর ২০১৮ তারিখ পাকিস্তান হাই কমিশন লিখিতভাবে গুলশান থানায় অভিযোগ করেন যে, ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর তারিখের মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা চোরেরা হাই কমিশনের দেয়ালে লাগানো এসি খুলে হাই কমিশনের ভেতর ঢুকে ৩টি কম্পিউটার সিপিইউ, ৪টি ইউপিএস ও ১টি এসিসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় মামলা করা হয়। পরবর্তীতে গুলশান থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা সম্ভাব্য ঘটনার সময়কার হাই কমিশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের সনাক্ত করে। গুলশান থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতভর রাজধানীর ভাটারা ও এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে সনাক্তকৃত চোর চক্রের ৬ জনকে গ্রেফতার করে। তাদের দেখানো মতে পাকিস্তান হাই কমিশন হতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১