বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৮

বোতলজাত ও জারের পানি বিশুদ্ধ কি না পরীক্ষার নির্দেশ

হাইকোর্ট সংরক্ষিত ছবি


দেশের বাজারে প্লাস্টিক বোতল ও জারের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ হচ্ছে কি না তা পরীক্ষা করতে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ কার্যকরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে হবে বিএসটিআইকে। আগামী ৭ জানুয়ারি এ রিটের পরবর্তী শুনানি হবে।

একই সঙ্গে প্লাস্টিক বোতল ও জারে বিশুদ্ধ পানি সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্লাস্টিক বোতল ও জারে বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানাতে পৃথক দুটি রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সাতজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক-আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জে আর খান রবিন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। এর আগে গত ২২ মে একটি দৈনিকে ‘প্রতারণার নাম বোতলজাত পানি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২৭ মে আইনজীবী শাম্মী আক্তার জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১