আপডেট : ২৫ December ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় শাহরিয়ার কবির এ কথা জানান। শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দলটি নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেও কীভাবে জামায়াতের সদস্যরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে? নির্বাচনের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।’ শাহরিয়ার কবির বলেন, ‘দল নির্বাচন করতে পারলো না অথচ দলের সদস্য নির্বাচন করবে, এটা হতে পারে না। একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’ তাদের গঠনতন্ত্র সংবিধানবিরোধী উল্লেখ করে তিনি বলেন, ‘একাত্তরে যারা গণহত্যা করেছে, এদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। পৃথিবীর কোথাও এই অধিকার দেয়া হয়নি।’ সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোছনা আরা, সাংগঠনিক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, ওয়ার্কাস পার্টির নেতা অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, ঘাতক দালাল নির্মূল কমিটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, জেলা পরিষদ মহিলা সদস্য অ্যাডভোকেট শাহনাজ পারভিন মিলি প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১