বাংলাদেশের খবর

আপডেট : ২৯ December ২০১৮

এসএমএসের মাধ্যমে জানা যাবে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর

এসএমএসের মাধ্যমে জানা যাবে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর প্রতীকী ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো এসএমএস পূরণ করলে ফিরতি এসএমএসে এটি জানা যাবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘সারা দেশের ভোটকেন্দ্রের নাম জানানোর জন্য কমিশন থেকে শনিবার (২৯ ডিসেম্বর) ভোটারদের কাছে এসএমএস পাঠানো হবে।’ তিনি বলেন, ‘আমরা একটি এসএমএস তৈরি করেছি। এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার ফল যেভাবে এসএমএসের মাধ্যমে জানা যায়, সেভাবেই ভোটার নম্বর ও কেন্দ্র ভোটাররা জানতে পারবেন।’

তিনি জানান, ইসি থেকে সব ভোটারকে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলে ফিরতি এসএমএসে ভোটার নম্বর, কেন্দ্রের নম্বর ও ভোটকক্ষের নম্বর জানতে পারবেন।

এদিকে, ইসির যুগ্ম-সচিব আবদুল বাতেন জানিয়েছেন, সংসদ নির্বাচনে যে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, ওই আসনগুলোর ভোটারদের এসএমএসের মাধ্যমে কোন কেন্দ্রে ভোট দেবেন, তার ভোটার নম্বরসহ তা জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য স্মার্টকার্ড বা পেপার লেমিনেটেড কার্ড আবশ্যক নয়। তারপরও যেসব আসনে ইভিএম ব্যবহার করা হবে, সেখানকার ভোটারদের আমরা অনুরোধ করেছি তাদের স্মার্টকার্ড, লেমিনেডেট কার্ড বা ভোটার আইডি নম্বর থাকলে তা নিয়ে যেতে। এটা হলে তার ভোটদান অধিকতর সহজ হবে। তবে এসব না নিয়ে গেলেও ভোট দেওয়া যাবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১