বাংলাদেশের খবর

আপডেট : ২৮ January ২০১৯

বাংলাদেশের ‘অসাধারণ উন্নয়নের’ প্রশংসায় ব্রিটেন

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক


বাংলাদেশের অসাধারণ উন্নয়ন অর্জনের প্রশংসা করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, বাংলাদেশের এই অব্যাহত উন্নয়নে ব্রিটেন পাশে থাকবে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের অসাধারণ উন্নয়ন অর্জনের জন্য আমি প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের মতো দেশের সঙ্গে কাজের মাধ্যমে আরো কীভাবে সম্পর্ক বাড়ানো যায়, এজন্য তার সরকার উদগ্রীব হয়ে রয়েছেন বলেও জানান হাইকমিশনার ব্লেইক।

জাতীয় নির্বাচনের পর আবারো রাজনৈতিক দলগুলোকে সংলাপে (চা চক্রে) আমন্ত্রণ জানানোর প্রশংসা করে ব্লেইক বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ব্যাপারে সরকারের এ ধরনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। কারণ বাংলাদেশ ২০৪১ সালের  মধ্যে পুরোপুরি উন্নত দেশে পরিণত হওয়ার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত হতে গেলে আরো অনেক কাজ করতে হবে বলে যোগ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ও শাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সন্তুষ্ট যে (বাংলাদেশের লক্ষ্য অর্জনে) একে অপরের পাশে থাকব। তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের স্ট্যাটাস অর্জন করেছে এবং যুক্তরাজ্য ইইউ ত্যাগ করেছে। তারপরও দু’দেশের নাগরিকদের জন্য স্থিতিশীল অবস্থা, অগ্রগতি ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য আমরা সহায়তা করে যাব। সন্ত্রাসবাদ প্রতিরোধে, বাণিজ্যের উন্নয়নে এবং তৈরি পোশাক খাতে যুক্তরাজ্য বাংলাদেশকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১