বাংলাদেশের খবর

আপডেট : ০৪ February ২০১৯

নিরীহ জাহালমের কারাভোগের ঘটনায় দুদকের তদন্ত কমিটি

আদালত প্রাঙ্গণে জাহালম সংগৃহীত ছবি


বিনা অপরাধে পাটকল শ্রমিক জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে কমিটির প্রধান করা হয়েছে।

আজ সোমবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, জাহালমের ঘটনায় যদি কারও গাফিলতি থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রোববার রাত একটার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ২৬টি মামলা থেকে জাহালমকে এক দিনের মধ্যেই অব্যাহতি দিয়ে গতকাল সকালে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।

জানা গেছে, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা দায়ের করে দুদক। পরে ওই মামলায় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সালেকের পরিবর্তে জাহালমকে গ্রেফতার করা হয়। এরপর ওই বছরের ২৭ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

‘৩৩ মামলায় ভুল আসামি জেলে: স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।

প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত।

প্রতিবেদনে বলা হয়, সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩৩ মামলায় মূল অভিযুক্ত আসামি আবু সালেকের বদল তিন বছর ধরে জেল খেটেছেন পাটকল শ্রমিক জাহালম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১