বাংলাদেশের খবর

আপডেট : ০৬ February ২০১৯

জনসচেতনতায় পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা ছবি : সংগৃহীত


একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে চিত্রনায়িকা পূর্ণিমা তার অভিনয় জীবনের শুরুতেই নানা ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কাজে নিজেকে জড়িয়েছেন। নিজের পেশাগত কাজ অভিনয়ের পাশাপাশি দেশের জন্য, দেশের মানুষের জন্য এই ধরনের কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন একটি সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করেছেন পূর্ণিমা। ইউনিসেফ বাংলাদেশের সচেতনতামূলক কাজ ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈয়দ আপন আহসান। এরই মধ্যে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা সৈয়দ আপন আহসান।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই প্রি-ম্যাচিউরড বেবি জন্ম নেয়। সাধারণত যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা যথাযথভাবে এমন প্রি-ম্যাচিউরড বেবির চিকিৎসা করাতে পারেন। কিন্তু যারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তাদের জন্যই মূলত এই ক্যাঙ্গারু বেবি কেয়ার সিস্টেম। যথাযথভাবে নিয়ম মেনে ক্যাঙ্গারু বেবি কেয়ার ফলো করা হলে প্রি-ম্যাচিউরড বেবি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব কার্যকর হবে বলে আমি মনে করি। একজন মা হিসেবে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আপন ভাইয়ের অনুপ্রেরণায় আমি এ কাজটি করেছি। এমন একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আমার।’

এদিকে আগামীকাল নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন পূর্ণিমা। সেখানে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। একই পরিচালকের ‘জ্যাম’ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন পূর্ণিমা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১