আপডেট : ১১ February ২০১৯
খুলনায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫ তরুণই গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও সদর থানা যুবলীগের নেতা। এক সঙ্গে এ পাঁচ নেতার মৃত্যুর ঘটনায় গোপালগঞ্জ শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জেলার রাজনৈতিক অঙ্গনেও শোকের আবহ সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি ও শোকের মাতম। এদিকে নিহত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। সোমবার বাদ যোহর গোপালগঞ্জ জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও সদর যুবলীগের সহ-সভাপতি এস এম সাদিকুল আলম সাদিক, শহরের থানা পাড়ার গাজী মিজানুর রহমান হিটুর ছেলে ও জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিয়ষক সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, শহরের কুয়াডাঙ্গা এলাকার রসুলপাড়ার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাঁদমারীর ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিক বাদে বাকি সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন। এর আগে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে নিহতদের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে আনা হয়। তাদের লাশ গোপালগঞ্জ আনার খবরে ভোর রাত থেকেই হাসপাতাল এলাকায় ভীড় জমায় নিহতদের স্বজন, রাজনৈতিক নেতা-কর্মি, বন্ধু, সহপাঠিসহ সব শ্রেনী পেশার মানুষ। পরে সাড়ে ৭ টার পর একে একে নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হলে নিজ বাসায় আনা হয়। সেখানে স্বজন, প্রতিবেশী ও সহপাঠিদের কান্নায় ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। লবণচরা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পাঁচ নেতা প্রাইভেটকারে খুলনা থেকে গোপালগঞ্জে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। গোপালগঞ্জ জেলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, পাঁচ ছাত্র-যুবলীগ নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিল। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য রাজনীতি করতো। তাদের মধ্যে দেশ ও জাতির জন্য অনেক কিছু করার সোনালী স্বপ্ন নিহিত ছিল। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের মৃত্যুর খবরে গোপালগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। এ শোক বহন করার শক্তি আমাদের নেই।’ প্রসঙ্গত, রোববার রাতে খুলনার রূপসা সেতু বাইপাস সড়কের খাজুর বাগান এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংর্ঘষের ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের ওই ৫ নেতা নিহত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১