বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৯

একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ

হাইকোর্ট সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এর মধ্য দিয়ে আদালতেও একাদশ সংসদের বৈধতা পেল। তবে আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আপিল করবেন। তিনি বলেন, আদালতের আদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।

গত ৬ ফেব্রুয়ারি এই রিটের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য গতকাল ১৮ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছিলেন আদালত। আদালতে ওইদিন রিট আবেদনের ওপর শুনানি করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, মোখলেছুর রহমান প্রমুখ।

এর আগে গত ১৭ জানুয়ারি রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। রিটটির প্রথমে শুনানিতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ। এরপর এই বেঞ্চে উপস্থাপন করা হলে শুনানির জন্য তা গ্রহণ করা হয়।

সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৮ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিশটি প্রেরণ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী।

কিন্তু সেই নোটিশের কোনো জবাব না পাওয়ায় গত ১৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেন। গত ৬ ফেব্রুয়ারি এই রিটের ওপর শুনানি শেষে আদেশের জন্য গতকাল দিন ঠিক করেছিলেন হাইকোর্ট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১