বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০১৯

উপজেলা নির্বাচনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না : ইসি রফিকুল ইসলাম

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সংগৃহীত ছবি


নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না এবং ভোটাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ সোমবার বিকেলে দিনাজপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. বজলুর রশিদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জয়নুল আবেদিন, সদর উপজেলার ইউএনও ফিরুজুল ইসলাম, বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ও বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন বক্তব্য রাখেন।

রফিকুল ইসলাম বলেন, ১৮ মার্চ দিনাজপুরের ১২টি উপজেলায় ৫ম উপজেলা নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক ও সজাগ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ভোটারেরা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারে সে জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

তিনি বলেন, কোন ভাবেই পরিস্থিতির বিঘ্ন ঘটানো যাবে না। কর্তব্যে অবহেলা ও শিথিলতা প্রদর্শন করা হলে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে ইসি বদ্ধপরিকর। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১